নিজস্ব প্রতিবেদক:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের তিন দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি গত তিন দিন অফিসেও আসছেন না। জানা গেছে, রাশেদুল জুলাই অভ্যুত্থানের সময় একটি হত্যা মামলায় আসামি হয়েছেন। আর পুলিশ কর্তৃপক্ষ বলছেন, তিনি পলাতক।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, রাশেদুল গত রোববার থেকে কর্মস্থলে আসছেন না এবং তিনি কোন ছুটির আবেদনও করেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে রাজধানীতে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় রাশেদুল ইসলামকে আসামি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বেলা ২টার দিকে নগরের শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান এডিসি রাশেদ। এর পর থেকেই এডিসি রাশেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ। সে ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি এডিসি রাশেদ।



