ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে থাকা ১৬টি স্থাপনা, প্রতিষ্ঠান ও সংস্থার নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এসব স্থাপনার পুরোনো নাম বাতিল করে নতুন নামকরণ ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এই পরিবর্তন আনয়ন করা হয়। এর মধ্যে ১৫টি স্থাপনার নাম শেখ পরিবারের সদস্যদের নাম থেকে পরিবর্তন করা হয়েছে, আর একটি স্থাপনার নামকরণ করা হয়েছে ভিন্নভাবে।
নতুন নামকরণ অনুযায়ী, টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে যমুনা সেনানিবাস। কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস এখন থেকে পরিচিত হবে মিঠামইন সেনানিবাস নামে। বরিশালের লেবুখালিতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাস-এর নতুন নামকরণ করা হয়েছে বরিশাল সেনানিবাস। একইভাবে, শরীয়তপুরের জাজিরায় অবস্থিত শেখ রাসেল সেনানিবাস এখন থেকে পদ্মা সেনানিবাস নামে পরিচিত হবে।
এছাড়াও, চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমির বঙ্গবন্ধু কমপ্লেক্স-এর নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স রাখা হয়েছে। হালিশহরের বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স নতুনভাবে নামকরণ করা হয়েছে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল নামে। কক্সবাজারের রামু সেনানিবাসে অবস্থিত মুজিব রেজিমেন্ট আর্টিলারি-র নাম পরিবর্তন করে করা হয়েছে ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি।
ঢাকার বিজয় সরণিতে অবস্থিত অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এখন থেকে পরিচিত হবে বাংলাদেশ সামরিক জাদুঘর নামে। শরীয়তপুরের জাজিরায় বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম চরজানাজাত-এর পরিবর্তিত নাম রাখা হয়েছে কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা।
নাম পরিবর্তনের এই তালিকায় আরও রয়েছে ঢাকার বঙ্গবন্ধু জাদুঘর, যার নতুন নামকরণ করা হয়েছে স্বাধীনতা জাদুঘর। টাঙ্গাইলের ভূঞাপুরে অবস্থিত বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট-এর নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে।
সেনাবাহিনীর এসব স্থাপনার নতুন নামকরণ নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখা এবং ঐতিহাসিক নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই নাম পরিবর্তন করা হয়েছে।
বিএম/সজীব



