নিজস্ব প্রতিবেদক:
মধ্যরাত থেকে সারাদেশে রেল চলাচল বন্ধ রয়েছে। চলমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শণ করেন।
এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আমাদের দরজা সব সময় খোলা রয়েছে আলোচনার জন্য। কর্মচারীরা যেকোনো সময় আমাদের সাথে আলোচনায় বসতে পারেন। তাদের যে দাবি দাওয়া আছে তার বহুলাংসে আমরা পূরণ করতে পেরেছি। যতটুকু বাকি আছে তাও পূরণ করা হবে। রেল বন্ধ করায় হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। ফলে আমি তাদেরকে আন্দোলন বন্ধ করে আলোচনার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো যোগ করেন, আমরা তাদের বারংবার আলোচনার জন্য ডেকেছি। আমাদের অফিসাররা তাদের কাছে গিয়েছেন আলোচনা আহবান জানিয়েছেন। তারা আসছেন না।
তাদের যে দাবি-দাওয়া, সেটা পূরণ করার ক্ষমতা রেলের হাতে নেই। এটা অর্থ বিভাগ করতে পারবেন। আমরা অর্থ বিভাগে বারবার চিঠি দিয়েছি। আলোচনা করছি। তারা পরীক্ষা-নিরীক্ষা করে যতটুকু যৌক্তিক তারা দিবে। সেজন্য রেল বন্ধ রাখার তো কোন দরকার নেই। ট্রেন বন্ধ থাকতে পারে না।
আমরা সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়টা সমাধান করতে চাই। কিন্তু তারা যদি যাত্রী হয়রানি করে, সরকারকে বাধ্য করে, তাহলে সরকারকে তো কঠোর হতেই হবে।

যাত্রীদের সুবিধার্থে বিআরটিসি বাস দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক যাত্রীদের জরুরি গন্তব্যে যেতে হবে। তাঁরা ব্যাগ নিয়ে চলে আসছেন। তাদের সুবিধার্থে আমরা স্টেশনে বিআরটিসি বাস দিয়েছে। ট্রেনের একই ভাড়ায় তারা যে গন্তব্যের টিকিট কেটেছেন, সেই গন্তব্য পর্যন্ত যেতে পারবেন এই বাসে করে। ট্রেনের যে রুট আছে, বাসগুলো ঠিক একই রুটে যাবে। তাই যার যেটা গন্তব্য সেখানে তিনি নামতে পারবেন।



