ডেস্ক রিপোর্টঃ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনে গত এক দিনে আরও ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন অন্তত ৭৮ জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অসংখ্য মানুষ, যাদের উদ্ধারে অভিযান চলছে।
বুধবার বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৩৬ জনে। একই সময় আহত হয়েছেন এক লাখ ৯ হাজার ২৭৪ জন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় গাজার অসংখ্য বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারা ধারণা করছে, এসব ধ্বংসস্তূপের নিচে এখনও ১৩ হাজারেরও বেশি মানুষ চাপা পড়ে আছেন।
জাতিসংঘের তথ্য অনুসারে, ইসরায়েলের এই বর্বর আক্রমণের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে পুরো গাজা এখন মানবিক সংকটে নিমজ্জিত।
গাজার ৬০ শতাংশ অবকাঠামো ইতোমধ্যেই ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজায় মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে।
ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার মুখে পড়েছে। ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই আক্রমণ বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি।
গাজার জনগণ তাদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে, তবে তাদের জন্য সহায়তা সীমিত। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
বিএম/সজীব



