― Advertisement ―

গ্রিনল্যান্ডে মার্কিন হামলার হুমকি, ইইউর কড়া বার্তা

ডেস্ক রিপোর্টঃ বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিয়ে হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাব এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট বুধবার এক বিবৃতিতে বলেন, “ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট করে জানিয়ে দিতে চায়, কোনও দেশকে তার সার্বভৌম সীমান্ত লঙ্ঘন করতে দেওয়া হবে না। এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং নৈতিকতার বিরোধী।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি না যে যুক্তরাষ্ট্র সত্যিই আর্কটিক অঞ্চলে সামরিক পদক্ষেপ নেবে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইইউ প্রস্তুত।”

ট্রাম্পের এই মনোভাবের জবাবে ডেনমার্কও তাদের অবস্থান পরিষ্কার করেছে। ডেনমার্ক বারবার জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এই দ্বীপের ভবিষ্যৎ কেবল তার জনগণই নির্ধারণ করবে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগেডে বলেছেন, “আমাদের ভূমি বিক্রির প্রশ্নই আসে না।”

মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “গ্রিনল্যান্ড এবং পানামা খাল উভয়ই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে ডেনমার্ক রাজি না হলে তাদের ওপর শুল্ক আরোপ করা হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য শুধু কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নয়, বরং আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ তৈরি করছে।

ইউরোপীয় ইউনিয়ন এই প্রেক্ষাপটে দৃঢ় অবস্থান গ্রহণ করায় উত্তেজনা আরও বেড়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা ও নিন্দার ঝড় উঠেছে। গ্রিনল্যান্ডের ভূ-রাজনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখে, এ অঞ্চলে ভবিষ্যতে আরও কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিএম/সজীব