ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সোমবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরে উপস্থিত থেকে এয়ার অ্যাম্বুলেন্সটিকে স্বাগত জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী।
কাতারের আমিরের পাঠানো এয়ারবাস এ-৩১৯ মডেলের এই এয়ার অ্যাম্বুলেন্স একটি চলমান হাসপাতালের মতো, যেখানে রয়েছে আধুনিক চিকিৎসার সব সুযোগ-সুবিধা। এতে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্পসহ জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম রয়েছে। রোগীদের আরামের কথা মাথায় রেখে তৈরি এই বিমানে রয়েছে আইসিইউ সুবিধাসহ দক্ষ ডাক্তার ও নার্সদের একটি দল, যারা যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে সক্ষম।
এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ ডিজাইনে রোগী এবং পরিবারের সদস্যদের জন্য আলাদা স্থান রাখা হয়েছে। দীর্ঘ যাত্রাপথে রোগীর সব ধরনের প্রয়োজন পূরণে এটি স্বয়ংসম্পূর্ণ। এমন অত্যাধুনিক সরঞ্জাম এবং দ্রুতগতির সেবার জন্য এ বিমানটিকে অন্যতম সেরা বলা হয়।
জানা গেছে, এই বিশেষ বিমানে বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির কিছু নেতা, ব্যক্তিগত কর্মী এবং দুজন গৃহকর্মী।
দলীয় সূত্রের বরাতে জানা যায়, চিকিৎসা শেষে খালেদা জিয়া লন্ডনে যাবেন এবং সেখান থেকে সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন।
বি/এম সজীব



