ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ওয়াসিম আকরামের নামে। আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০২৩ সালের ১৪ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মেয়র মহিউদ্দিন চৌধুরী-সিডিএ এক্সপ্রেসওয়ে’ নামে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন।
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান গণমাধ্যমে বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে উড়ালসড়কটির পুনরায় নামকরণ করা হয়েছে। আজ শুক্রবার থেকে এটিতে টোল আদায় করা হবে।
চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ ওয়াসিম আকরাম গেল বছরের ১৬ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে নগরের মুরাদপুরে নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এর আগে গত ১৯ নভেম্বর নগরের আমবাগান এলাকার শেখ রাসেল পার্কের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের নামে নামকরণের ঘোষণা দেয় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।



