― Advertisement ―

যুক্তরাষ্টের মিশিগানে ভোট যুদ্ধ: কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র লড়াই

বরিশাল মেইল ডেস্ক:

মিশিগানে শুক্রবার তীব্র রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয়েই নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ এই রাজ্যের ১৫টি ইলেকটোরাল কলেজ ভোটের জন্য প্রচারণা চালাচ্ছেন।

দুজনই ডেট্রয়েটের উত্তর-পশ্চিমে অবস্থিত ভোট-বহুল অকল্যান্ড কাউন্টিতে প্রচারণা চালান, যেখানে শিক্ষিত ও বৈচিত্র্যময় জনসংখ্যা এবং ট্রাম্পের বিরুদ্ধে শহরতলির ভোটারদের বিদ্রোহের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ডেমোক্র্যাটদের পক্ষে রাজনৈতিক সমীকরণ বদলেছে।

ওয়াটারফোর্ড টাউনশিপে এক সমাবেশে হ্যারিস ট্রাম্পকে “প্রতিশ্রুতিতে ভরা কিন্তু বাস্তবে ব্যর্থ” বলে অভিহিত করেন এবং তাঁকে “আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি চাকরি হারানো একজন” হিসেবে সমালোচনা করেন। তিনি শ্রমিকদের অধিকার এবং কলেজ ডিগ্রি ছাড়াই কর্মীদের জন্য চাকরির সুযোগ বৃদ্ধির জন্য প্রতিশ্রুতি দেন।

ট্রাম্পও অকল্যান্ড কাউন্টিতে আয়োজিত একটি রাউন্ডটেবিলে অংশ নেন এবং আমেরিকান গাড়ি শিল্পকে বাঁচাতে বিদেশি গাড়ির ওপর উচ্চ কর আরোপ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “শুল্ক শব্দটি ভালোবাসার চেয়ে বেশি সুন্দর।”

মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন এই তিনটি ‘ব্লু ওয়াল’ রাজ্য ২০১৬ সালে ট্রাম্পকে বিজয় এনে দিলেও ২০২০ সালে বাইডেনকে হোয়াইট হাউস প্রদান করে।

উভয় দলই মিশিগানের নির্দিষ্ট ভোটার গোষ্ঠীগুলোকে, যেমন শ্রমিক, কৃষ্ণাঙ্গ ভোটার, শহরতলির মধ্যপন্থী এবং বাইডেন প্রশাসনের গাজা যুদ্ধের নীতিতে অসন্তুষ্ট আরব আমেরিকানদের লক্ষ্য করে প্রচারণা চালাচ্ছে।

উভয় পক্ষই আশা করছে, ২০২৪ সালের নির্বাচনে মিশিগান আবার নির্ণায়ক ভূমিকা পালন করবে।

তথ্য সূত্রঃ সিএনএন

বিএম/সজিব