বরিশাল মেইল ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুর থানায় সুজন নামে একজনকে হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এরআগে এ হত্যা মামলায় আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এসময় আইনজীবী এমর ফারুক ফারুকী আসামির রিমান্ড চেয়ে জোর দাবি জানান। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিনের মঞ্জুর করেন। তারা বলেন, আসামি অসুস্থ। তার ওষুধ ছাড়া থাকতে পারেন না। শুনানি শেষে আদালত সাদেক খানকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বলেন, গত ২২শে আগস্ট মোহাম্মদপুর থানায় দায়ের করা ১৪ মামলায় সংঘবদ্ধ হত্যা, হত্যার আদেশদাতা হিসেবে ফৌজদারি কার্যবিধির ৩০২, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২২শে আগস্ট ট্রাক চালক সুজনকে গুলি ও নির্যাতন করে হত্যার অভিযোগে বাদী হিসেবে মামলা করেন নিহতের ভাই মো. রফিকুল ইসলাম। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আওয়ামী লীগ ও ১৪ দলের জ্যেষ্ঠ নেতাদের। মোট ৭৯ জন নামীয় আসামি ও ৫০০ বেনামি আসামি আসামি করা হয় এই মামলায়। মালায় সাদেক খান ২১ নম্বর আসামি।
মামলায় নিহতের ভাই অভিযোগ করেছেন, গত ২০শে জুলাই আমার ভাই সুজনকে আসামিরা পারস্পরিক যোগসাজশে গুলি করে মেরেছে।
সে পেশায় একজন ট্রাক চালক। ঘটনার দিন সুজন মোহাম্মদপুর বেড়িবাঁধের লাউতলা এলাকায় তার ট্রাক গ্যারেজে রেখে বাড়ি ফেরার সময় তাকে হত্যা করা হয়েছে। আমরা রাতে খবর পাই তার মরদেহ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে বছিলা তিন রাস্তা সংলগ্ন সাত মসজিদ হাউজিং এলাকায়। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য, সাদেক খান ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাহাঙ্গীর কবীর নানক।



