ক্রিড়া ডেস্ক: চিরচেনা রূপে ফেরার পথে থাকায় নেইমারের জাতীয় দলে ডাক পাওয়ার গুঞ্জন ছিল।
অবশেষে দেড় বছর পর তাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডেকেছেন কোচ দরিভাল জুনিয়র।
যদিও এটি ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড নয়, আগামী সপ্তাহে দল ঘোষণার আগে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ৫২ ফুটবলারকে ডাকা হয়েছে। তাদের মধ্য থেকে ২৩ জন চূড়ান্ত তালিকায় থাকবেন ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য।
আগামী ২১ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে সেলেসাওরা।
জাতীয় দলের হয়ে আসন্ন ম্যাচ দুটিতে খেলার প্রত্যাশার কথা সম্প্রতি জানিয়েছিলেন নেইমার। যদিও তিনি দলে আসার ভারটা কোচের ওপরই ছেড়ে দিয়েছিলেন।
প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়ে পুনরায় তার হলুদ জার্সি গায়ে জড়ানোর সম্ভাবনা তৈরি হলো।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় এসিএলের ইনজুরিতে পড়েন নেইমার।
যার কারণে তাকে পরের বছর অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হয়েছে।
বিএম/জ/রা



