আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (ATF) ২০২৬’। দেশি-বিদেশি পর্যটন সেবা প্রমোশন, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি ও আসন্ন শীতকালীন ভ্রমণ উপলক্ষে পর্যটকদের আকর্ষণীয় ডিসকাউন্ট প্যাকেজ দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ সামীমুজ্জামান। পর্যটন বিচিত্রার সম্পাদক ও মেলার চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদনসহ বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সার্বিক সহযোগিতায় এবার ৩টি হলে প্রায় ৩০০টি বুথে বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি এবং বিভিন্ন দেশের মিশন ও দূতাবাস সরাসরি অংশ নিয়ে তাদের বিশেষ অফারসমূহ তুলে ধরবে।
মেলার প্রধান আকর্ষণগুলোর মধ্যে থাকছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেজ’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেজ’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’। মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি নেটওয়ার্কিং বাড়াতে বিটুবি (B2B) সেশন, সেমিনার ও প্যানেল আলোচনার সুব্যবস্থা রাখা হয়েছে। মেলার চেয়ারম্যান জানান, হাওড়, সুন্দরবন, অ্যাডভেঞ্চার, ইকো ও কমিউনিটি ট্যুরিজমের পাশাপাশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ এবার বিশেষ গুরুত্ব পাবে।
আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। গেস্ট অব অনার হিসেবে থাকবেন একই মন্ত্রণালয়ের সচিব। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। মেলার টিকিট মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যার ওপর ভিত্তি করে লটারি বা র্যাফেল ড্র বিজয়ীদের বিনামূল্যে বিমানের টিকিট ও গিফট ভাউচার দেওয়া হবে।



