― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে অলটারনেটিভ উৎসের সন্ধানে জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ ও আলজেরিয়ার ঐতিহাসিক বৈঠক

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার মধ্যে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার সঙ্গে প্রথম উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেছে বাংলাদেশ। দূরপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের একক নির্ভরতা কমিয়ে অপরিশোধিত জ্বালানি তেল ও এলএনজি (LNG) সরবরাহে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশের উদ্যোগে দুই দেশের জ্বালানি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ভার্চুয়াল (জুম) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মোহামেদ আরকাব নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, মধ্যপ্রাচ্যে সংঘাত ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধার কারণে দেশের জ্বালানি নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। গত ছয় মাসে বাংলাদেশকে আকাশচুম্বী দামে জ্বালানি কিনতে হয়েছে। কাতার থেকে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় একটি বিকল্প ও নির্ভরযোগ্য পথ তৈরি করা এখন সরকারের কৌশলগত অগ্রাধিকার।

বাংলাদেশ প্রতিনিধিদল আলজেরিয়ার কাছ থেকে তেল-গ্যাস আমদানির পাশাপাশি সরকারি পর্যায়ে (G2G) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে। আগামী সপ্তাহে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ ধারাবাহিক আলোচনায় বসবে। দ্রুতই ঢাকায় বা আলজিয়ার্সে দুই দেশের প্রতিনিধিদলের সফর সম্পন্ন হবে, যেখানে দীর্ঘমেয়াদি জ্বালানি চুক্তি চূড়ান্ত হতে পারে।

জ্বালানি খাতে আলজেরিয়া বিশ্বের অন্যতম ধনী দেশ। দেশটির ১২২০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এবং প্রায় ২.৫ ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে। দৈনিক ১০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পাশাপাশি দেশটি ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ করে থাকে। নিজস্ব পাইপলাইন অবকাঠামো থাকায় সামুদ্রিক সংকটের মধ্যেও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে সক্ষম তারা।

বৈঠকে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আবদুল মান্নান, জ্বালানি সচিব মো. জিয়াউল হক, আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের মহাপরিচালক এ টি এম আব্দুর রউফ মন্ডল উপস্থিত ছিলেন। আলজেরিয়া বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে দ্রুত খসড়া সমঝোতা স্মারকের ওপর তাদের মতামত জানানোর প্রতিশ্রুতি দিয়েছে।