আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সে ইসলামি পোশাক ব্র্যান্ড মেরাচির একটি বিজ্ঞাপন নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজ্ঞাপনটিতে আইফেল টাওয়ারকে হিজাবে মোড়ানো দেখানো হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে— “ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে।”
যুক্তরাজ্যের সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ থাকায় এই বিজ্ঞাপনটি ফ্রান্সের ধর্মনিরপেক্ষ নীতির বিরুদ্ধে প্রচারণার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
ফরাসি গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির নেতারা বিজ্ঞাপনটিকে “ফ্রান্সের জাতীয় প্রতীকের অবমাননা” বলে আখ্যা দিয়েছেন। দলটির সংসদ সদস্য লিসেট পোলেট সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “এটি ফরাসি সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ।”
নেদারল্যান্ডসভিত্তিক ব্র্যান্ড মেরাচি মূলত অনলাইনে ফ্রান্সে ব্যবসা পরিচালনা করে। সম্প্রতি প্যারিসের মারাইস অঞ্চলে প্রতিষ্ঠানটি একটি অস্থায়ী দোকান চালু করেছে। তবে ২৬ বছর বয়সী প্রতিষ্ঠাতা নাদা মেরাচি এখনো এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।
বিজ্ঞাপনটি সরাসরি ধর্মীয় কোনো বার্তা না দিলেও, ফ্রান্সের ইসলাম ও ধর্মনিরপেক্ষতার দীর্ঘদিনের বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিএম/সজীব



