ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সীমান্ত অপরাধহীন রাখতে সহযোগিতামূলক ব্যবস্থায় জোর দিচ্ছে ভারত । সে ক্ষেত্রে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে সমঝোতা চুক্তি অনুযায়ী সহযোগিতা চেয়েছে দেশটি।
রোববার (১২ জানুয়ারী) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রণয় ভার্মা। দুই দেশের সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ প্রায় ৪৫ মিনিট চলে।
ভারতের হাইকমিশনার বলেন, সীমান্ত অপরাধহীন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ,যাতে করে চোরাচালান ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয়।
সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে একটি সমঝোতার কথা উল্লেখ করে এই কূটনীতিক বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ অব্যাহত আছে।’
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে জানান, সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
এর আগে আগরতলাসহ ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৩ ডিসেম্বর হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দপ্তরে বৈঠক করেন।
বিএম/জ/রা



