দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সিরাজগঞ্জে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি, ২০২৬) বিসিক শিল্প পার্কের বিশাল জনসভাস্থলে প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তার বক্তব্য শুনতে সকাল থেকেই ঢল নেমেছে মানুষের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই জনসভাকে ঘিরে পুরো সিরাজগঞ্জ জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। প্রিয় নেতার আগমনী বার্তায় নেতাকর্মীদের মধ্যে যেমন বইছে প্রাণচাঞ্চল্য, তেমনি সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে ব্যাপক কৌতূহল।
সিরাজগঞ্জ ও পাবনা জেলার সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে এবং তাদের পক্ষে ভোট চাইতে তারেক রহমান এই জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। বিএনপি নেতাদের দাবি, এটি হবে সিরাজগঞ্জের ইতিহাসের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ, যেখানে দুই লাখেরও বেশি মানুষের সমাগম ঘটবে। জনসভাস্থল পাইকপাড়া বিসিক শিল্প পার্কের চারপাশ পোস্টার, ব্যানার আর তোরণে ছেয়ে গেছে। সিরাজগঞ্জের জন্য আগামী দিনের উন্নয়নের বিশেষ রূপরেখা বা ‘ভিশন’ কী হবে, সেদিকেই এখন তাকিয়ে আছে স্থানীয় জনগণ।
স্থানীয় বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের এই সফর কেবল নির্বাচনী প্রচারণাই নয়, বরং ঝিমিয়ে পড়া তৃণমূল নেতাকর্মীদের জন্য ‘টনিকের’ মতো কাজ করবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানিয়েছেন, তারেক রহমানকে সামনে পেয়ে সিরাজগঞ্জের রাজনীতিতে এক নতুন গণজাগরণ সৃষ্টি হবে। এদিকে জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। সাদা পোশাকে নজরদারির পাশাপাশি সমাবেশস্থলের শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।



