ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারকে বিভিন্ন সংস্কার ও একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সময় দিতে হবে। তিনি মনে করেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এ সরকার এসেছে, তাই তাদের ধৈর্যসহকারে সহায়তা করা প্রয়োজন। মঙ্গলবার (১২ নভেম্বর) লালমনিরহাটের বড়বাড়ি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “ফ্যাসিবাদের দোসররা নতুন করে মাথা উঁচু করছে। জাতির সংকটময় এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ধৈর্য ও রাষ্ট্রীয় সংস্কার। প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচনের, যা দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে পারে।”
তিনি আরো বলেন, “বিগত সরকার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও নির্যাতন করেছে। আওয়ামী লীগ প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হাজার হাজার মানুষকে গুম ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছে।”
মির্জা ফখরুল বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন, এমন কাউকে দায়িত্বে রাখা যাবে না যার কারণে সরকার বিতর্কিত হয়। তিনি বলেন, “রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা জাতিকে হাতছাড়া করা উচিত নয়।”
তিনি আরও উল্লেখ করেন, বাজারের নিয়ন্ত্রণ এখন সরকারের বাইরে চলে গেছে, তাই বাজার নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে একটি নির্বাচিত সরকার এলে এই সমস্যা সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির মহাসচিব দাবি করেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার উদ্যোগ সফল হবে না, যা কেবল নির্বাচিত সংসদের মাধ্যমেই সম্ভব। “আমরা নির্বাচন চাই কারণ, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই প্রকৃত পরিবর্তন আনা সম্ভব,” বলেন তিনি।
আলোচনার সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।



