খবর বিজ্ঞপ্তি: শ্রমিক অধিকার নিশ্চিত করতে কারখানা বন্ধ করে হাজার হাজার শ্রমিকের জীবন অনিশ্চয়তা করার প্রতিবাদে
আগামী ৩১ জানুয়ারি প্রতিবাদ সমাবেশ করবে গণতান্ত্রিক অধিকার কমিটি।
শনিবার (২৫ জানুয়ারী ) দুপুরে গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষে মারজিয়া প্রভা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো খবর বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
খবর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে গণতান্ত্রিক অধিকার কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. হারুন উর রশীদ, ডা. গোলাম রাব্বানী, মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান, গবেষক মাহতাব আহমেদ, সাংস্কৃতিক কর্মী সুমিতা রায় সুপ্তি, একরাম হোসেন, আফজাল হোসেন, সুজিৎ চৌধুরীসহ গণতান্ত্রিক ছাত্র জোট, শ্রমিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা৷
সভায় দেশের বিভিন্ন অঞ্চলে কারখানা বন্ধ করে প্রায় ৫০ হাজার শ্রমিকের বেকারত্ব সৃষ্টি এবং এখনও বকেয়া মজুরি সমস্যা সমাধান না করায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়।
পাশাপাশি সভায় শ্রমিক অধিকার নিয়ে আন্দোলনের কারণে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানার সভাপতি খোরশেদ আলমের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারির ঘটনায় প্রতিবাদ জানানো হয়।
সভায় সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয় যে,দেশের গাজীপুর সাভার এলাকায় স্থায়ী এবং অস্থায়ীভাবে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের ৬৮ কারখানা স্থায়ী এবং অস্থায়ী ভাবে বন্ধ করে দেয়া হয়েছে যাতে প্রায় অর্ধলক্ষাধিক শ্রমিক কাজ হারিয়েছে যাদের চার থেকে ছয় মাসের মজুরি এখনো বকেয়া ৷
বন্ধ সকল কারখানা চালু, বকেয়া মজুরি পরিশোধ এবং শ্রমিক অধিকার নিশ্চিতের দাবিতে আগামী ৩১ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় শাহবাগে গণতান্ত্রিক অধিকার কমিটির আহবানে এক সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
বার্তা প্রেরক
মারজিয়া প্রভা



