আন্তর্জাতিক ডেস্ক :
জাপান সফরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে তাদের বেঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দুই দেশের নেতা একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) ও সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরকে স্বাগত জানান, যার মধ্যে রয়েছে—বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারিচালিত সাইকেল তৈরির কারখানা স্থাপন, তথ্য নিরাপত্তার পাইলট প্রকল্প চালু এবং বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড)-এর সঙ্গে জমি চুক্তি, যা জাপানি বিনিয়োগে সহায়ক ভূমিকা রাখবে। উভয়পক্ষ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) পারস্পরিক সুবিধাজনকভাবে সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন।
বৈঠক শেষে উভয়পক্ষ মিলে যৌথ প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে জানানো হয়েছে, বাংলাদেশ ও জাপানের মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্মরণ করে যৌথভাবে অংশীদারিত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাপান সরকারকে বাংলাদেশে মজবুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে ধারাবাহিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষত ‘বিগ-বি’ উদ্যোগ এবং মহেশখালী-মাতারবাড়ী একীভূত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই)-এর আওতায় বিভিন্ন প্রকল্পে জাপানের অবদানকে তুলে ধরেন।
এ প্রসঙ্গে উভয় পক্ষ ‘অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু পরিবর্তন সহনশীলতা জোরদারকরণে উন্নয়ন নীতিগত ঋণ’ এবং ‘জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনের মধ্যে ডাবল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প (পর্ব ১)’ শীর্ষক ঋণচুক্তির বিনিময় নোট স্বাক্ষরকে স্বাগত জানায়।



