― Advertisement ―

ভারতে দুই ট্রাক বিস্ফোরক লুট করল মাওবাদীরা

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে অস্ত্রের মুখে দুইটি ট্রাকভর্তি বিস্ফোরক লুটে নিয়েছে মাওবাদী গেরিলারা। গত মঙ্গলবার ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলার এক নির্জন অঞ্চলে লুটের এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বুধবার (২৮ মে) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন বলা হয়, প্রায় ৩০-৪০ জনের একটি সশস্ত্র মাওবাদী দল ট্রাক দুটি আটক করে। অস্ত্রের মুখে চালকদের ট্রাক থামাতে বাধ্য করা হয় এবং একজন চালককে অপহরণও করে তারা, তবে তাকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়। ট্রাক দুটিতে মোট ৪ টন বিস্ফোরক ছিল যার সবটাই লুট করেছে মাওবাদীরা।

ঘটনার পর কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) ও রাজ্য পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে। পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।

নাম প্রকাশ না করে এক সরকারি কর্মকর্তা জানান, ‘এখন পুরো অঞ্চলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।’ ওড়িশার ওয়েস্ট রেঞ্জের উপ-পুলিশ প্রধান ব্রিজেশ রায় বলেছেন, এটি ছিল মাওবাদীদের দুঃসাহসিক একটি লুট। সশস্ত্র মাওবাদীরা গত ২৭ মে একটি বেসরকারি সংস্থার জন্য নিয়ে যাওয়া দুই ট্রাক বিস্ফোরক লুট করতে সমর্থ হয়।

সেগুলোর মধ্যে ২০০টি বাক্সে গেলাটিন ছিল। এ ঘটনার পর ওড়িশার স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেছে। পুলিশ ও আধাসামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এই এলাকায় কিছুদিন ধরেই মাওবাদী কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছিল। তবে এত পরিমাণে বিস্ফোরক লুটের ঘটনা এই অঞ্চলে নজিরবিহীন। বিশেষজ্ঞদের মতে, এই বিস্ফোরকগুলো মাওবাদীরা তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করতে পারে, যা নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

সূত্র : এনডিটিভি