ডেস্ক রিপোর্টঃ রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ১৭ মিনিটে শাহজাদপুরের সৌদিয়া নামের হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনের সূত্রপাত হয় ভবনের দ্বিতীয় তলায়। পরে আগুন নিয়ন্ত্রণের পর তল্লাশি চালিয়ে ছয়তলা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহগুলো ছয়তলার বাথরুমের কাছে তিনটি সিঁড়ির গোড়ায় পাওয়া গেছে, যেখানে সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল। নিহত চারজনই পুরুষ হলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিএম/সজীব



