নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির রাজাপুরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা বলছেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ড হয়েছে। খুনের বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন। নিহত আবুল বাসার সাউথপুর গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও নিহতের মামা রেজাউল করিম জানান, প্রতিবেশী পান্নু খানের ছেলে নাজমুল হাসান খানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল রাজমিস্ত্রি আবুল বাসারের।
রবিবার সন্ধ্যায় আবুল বাসার কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলা করেন নাজমুল হাসান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবুল বাসারকে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



