― Advertisement ―

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় প্রাণ গেল ২৭ ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে প্রাণ হারিয়েছেন ২৭ ফিলিস্তিনি নাগরিক। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) অবরুদ্ধ ও যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় এই ২৭ জন নিহত হন।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বিসসাল জানান, গাজা শহরের পূর্বদিকে জাইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে তিন জন নারী ও ছয়টি শিশুসহ ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া শুজাইয়া এলাকায় দুটি হামলায় আরও দুইজন নিহত হয়েছে।

সিবসাল আরও জানান, দক্ষিণ গাজার খান ইউনুস শহরে ইসরায়েলি বোমা হামলায় চারটি শিশু ও চারজন নারীসহ ১৩ জন নিহত হয়েছে। এছাড়া বহু মানুষ আহত হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, খান ইউনিসে তাদের বাহিনী যেখানে অবস্থান করছে সেই এলাকায় বন্দুকধারীরা গুলি চালানোর পর তারা গাজা উপত্যকায় ‘হামাসের লক্ষ্যবস্তুতে’ গোলাবর্ষণ শুরু করে।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, এটি ‘যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন’ এবং এর জবাবে তারা গাজা উপত্যকায় হামাসের ‘সন্ত্রাসী অবস্থানগুলোতে’ হামলা চালিয়েছে।