― Advertisement ―

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষকসহ তিনজন নিহত

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিক্ষক এবং একজন কিশোর শিক্ষার্থী। হামলার সন্দেহভাজন ১৭ বছর বয়সী নারী বন্দুকধারীও মৃত অবস্থায় পাওয়া গেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের পুলিশ প্রধান শন বার্নস জানিয়েছেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সন্দেহভাজন বন্দুকধারী সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পুলিশ আপাতত বিরত রয়েছে। এ বিষয়ে সোমবার রাত ৮টা ৩০ মিনিটে অতিরিক্ত ব্রিফিং দেওয়া হবে বলে জানানো হয়েছে।

হামলার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।

পুলিশ প্রধান আরও জানান, হামলার শিকার শিক্ষার্থীদের তাদের পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।

ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত চলমান রয়েছে। প্রাথমিক অনুসন্ধান শেষে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় বাসিন্দারা শোকাহত এবং আতঙ্কিত। আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে পরিস্থিতি সম্পর্কে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়েছে।

বিএম/সজীব