― Advertisement ―

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বার্ড ফ্লু  প্রতিরোধে জরুরি অবস্থা ঘোষণা

ক্যালিফোর্নিয়ায় বার্ড ফ্লু সংক্রমণ রোধে রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসম।

ডেস্ক রিপোর্টঃ বুধবার এই ঘোষণা আসে যখন সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ডেইরি খামারে গবাদি পশুর মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়। বার্ড ফ্লু ভাইরাস (H5N1) সংক্রমণে ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ায় ৩৪ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সিবিএস। গভর্নরের কার্যালয় জানিয়েছে, ভাইরাসটির বিস্তার রোধে মনিটরিং জোরদার এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ায় এখনও পর্যন্ত ব্যক্তি-থেকে-ব্যক্তি সংক্রমণের কোনো নজির পাওয়া যায়নি। প্রায় সব সংক্রমিত ব্যক্তি সরাসরি গবাদি পশুর সংস্পর্শে এসেছেন।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এর তথ্য অনুযায়ী, মার্চ ২০২৪-এ টেক্সাস এবং কানসাস থেকে শুরু হয়ে H5N1 ভাইরাস ইতোমধ্যে ১৬টি রাজ্যের গবাদি পশুর মধ্যে ছড়িয়ে পড়েছে। এপ্রিল থেকে দেশজুড়ে মোট ৬১ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে লুইজিয়ানায় একটি গুরুতর সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ায়, রাজ্যের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ৩৩টি গরু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমণ প্রতিরোধে ডেইরি ফার্মে সুরক্ষামূলক সরঞ্জাম বিতরণ এবং দুধ বা গরুর সাথে কাজ করা কর্মীদের এগুলো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বার্ড ফ্লু প্রথম ২০২২ সালের জানুয়ারিতে সাউথ ক্যারোলিনার বন্য পাখিদের মধ্যে এবং পরে ২০২২ সালের জুলাই মাসে ক্যালিফোর্নিয়ার বন্য পাখিদের মধ্যে শনাক্ত হয়। সূত্রঃ এনডিটিভি

বিএম/সজীব