ডেস্ক রিপোর্টঃ মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে রোববার (১৯ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। রাত ১১টার দিকে হলপাড়া থেকে শুরু হয়ে মিছিলটি ভিসি চত্বর, টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির কথা তুলে ধরেন।
বিক্ষোভকারীরা জানান, কোটা পদ্ধতির কারণে মেধাবীদের প্রতি বড় ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে। কেউ ৪১ নম্বর পেয়ে চান্স পায়, আবার কেউ ৭৩ পেয়েও চান্স পায় না। এটি মেধার প্রতি চরম অবিচার। তারা বলেন, “আমরা যে গণআন্দোলনের মাধ্যমে কোটা সংস্কারের দাবিতে লড়াই করেছিলাম, তা এখনো পূরণ হয়নি। বৈষম্য দূর করতে আমাদের রক্ত দিতে হয়েছিল, কিন্তু সেই বৈষম্য এখনো বহাল থাকা মানে আমাদের পূর্বসূরিদের আত্মত্যাগের প্রতি অসম্মান।”
বিক্ষোভকারীরা অবিলম্বে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল এবং চাকরি ও অন্যান্য ক্ষেত্রে কোটা পদ্ধতি বিলোপের দাবি করেন। তারা সতর্ক করে বলেন, “যদি আমাদের দাবি পূরণ না হয়, তবে আমরা আরও বড় আন্দোলনে নামব। সেই আন্দোলনের ফল হতে পারে ভয়াবহ।”
বিক্ষোভ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দৃঢ় মনোভাব তাদের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে স্পষ্ট বার্তা দেয়। আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা বলছেন, “এই বৈষম্যমূলক কোটাব্যবস্থা অবিলম্বে বাতিল করতে হবে। মেধার স্বীকৃতি প্রতিষ্ঠা না হলে আমরা রাজপথ ছাড়ব না।”
বিএম/সজীব



