নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ নির্দেশনা দেন। পরে তিনি সাংবাদিকদের বৈঠক সম্পর্কে বিস্তারিত জানান।
ইসি সচিব বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী তিন ভাগে মোতায়েন থাকবে। কেন্দ্রভিত্তিক, মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক মনিটরিং করা হবে।
ইসি সচিব আরো জানান, জুলাই আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর যে সমস্ত অস্ত্র লুট হয়েছে তার মধ্যে এখনো কিছু অস্ত্র উদ্ধার করা যায়নি। সেগুলো উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়েছে। তবে সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে বা কীভাবে মোতায়েন হবে, সে বিষয়ে এখনও আলোচনা হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিএমপি কমিশনার, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, র্যাব এবং স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধি ও মহাপরিচালক।



