ভারতের গোয়ার একটি নাইটক্লাবে গত মাঝরাতে (শনিবার ৬ ডিসেম্বর দিবাগত রাত) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছেন। গোয়ার উপকূলীয় এলাকার উত্তরে আরপোরায় ওই নাইটক্লাবের অবস্থান। নিহতদের অধিকাংশই ক্লাবে কর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা রান্নাঘরে জমে থাকা গ্যাসে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। গোয়া পুলিশের ডিরেক্টর জেনারেল অলোক কুমার বলেন, ‘ক্লাবের নীচতলার রান্নাঘরের আশপাশেই আগুন সীমাবদ্ধ ছিলো এবং বেশিরভাগ মৃতদেহ সেখানেই পাওয়া গেছে’।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ‘গভীর দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। শনিবার মাঝরাতে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে বলেও জানান তিনি।
ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় জনপ্রিয় ওই নাইট ক্লাবের নাম বার্চ বাই রোমিও লেন। পুলিশের বরাতে পত্রিকাটি বলছে, নিহতদের মধ্যে কিছু আগুনে পুড়ে এবং কিছু ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
মাঝরাতে যখন ক্লাবে আগুন লাগে, উইকেন্ড (ছুটির আগের রাত) হওয়ায় ক্লাবটিতে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। গোয়ার মুখ্যমন্ত্রী প্রামদ সায়ন্ত সাংবাদিকদের বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন পর্যটক নিহত হয়েছেন। তবে, তাদের বয়স ও জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মুখ্যমন্ত্রী প্রামদ সায়ন্ত বলেন, ‘দুর্ঘটনার মূল কারণ জানতে অনুসন্ধান চলছে। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের মুখোমুখি হতে হবে, কারো কোনও অবহেলা থাকলে তা চিহ্নিত করা হবে’।



