নিজস্ব প্রতিবেদক
প্রায় ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ২৮০টি গাড়ি কিনতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পেশ করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে পরবর্তী সরকারের মন্ত্রীদের জন্য মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একেকটি গাড়ি কিনতে খরচ হবে এক কোটি ৬৯ লাখ টাকা।
এ ছাড়াও আগামী নির্বাচনে জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের জন্যও কেনা হচ্ছে ১৯৫টি পাজেরোসহ মোট ২২০টি গাড়ি।

সব মিলিয়ে ২৮০টি বিলাসবহুল গাড়ি কিনতে সরকারের ব্যয় হবে প্রায় ৪৪৫ কোটি টাকা। চলতি অর্থবছরে যানবাহন কেনার ক্ষেত্রে ব্যয় সংকোচনের জন্য পদক্ষেপ নিতে একটি পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তী সরকার। তবে আগামী সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের জন্য গাড়ি কেনার এই পদক্ষেপে তা উপেক্ষিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ২০১৫-১৬ অর্থবছরে ক্যামরি ও ল্যান্সার গাড়ি কেনা হয়। এর মধ্যে মন্ত্রীরা ব্যবহার করতেন ক্যামরি গাড়ি। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা ব্যবহার করতেন ল্যান্সার। বর্তমান উপদেষ্টারা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ওই গাড়িগুলো ঢাকায় ব্যবহার করছেন। তবে ঢাকার বাইরে গেলে বিভিন্ন দপ্তরের জিপ গাড়ি ব্যবহার করছেন তারা।
তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপের বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আগামী মন্ত্রিসভার সদস্য সংখ্যা যে ৬০ হবে, তা কীভাবে জানল অন্তর্বর্তী সরকার? এর মাধ্যমে ব্যয়সাশ্রয়ী পদক্ষেপের পরিপত্র উপেক্ষা করা তো বটেই, একই সঙ্গে প্রশ্ন আসবে, পরবর্তী সরকারের জন্য গাড়ি কেনার দায়িত্বটা অন্তর্বর্তী সরকারকে কে দিয়েছে?
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গণমাধ্যমে বলেন, ‘পরবর্তী সরকার বা মন্ত্রীরা কী গাড়ি ব্যবহার করবেন, কী গাড়ি কিনবেন; তার সিদ্ধান্ত বর্তমান সরকার কেন নিচ্ছে? এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়।’ গাড়ির কেনার এ সিদ্ধান্ত বাতিল করা উচিত বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে থাকায় বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, গত ৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী মন্ত্রিসভার সদস্যদের জন্য গাড়ি কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, মন্ত্রীদের গাড়িগুলো মেয়াদোত্তীর্ণ হয়েগেছে। ফলে নতুন গাড়ি কেনার প্রস্তাব করা হয়েছে।
সূত্র: সমকাল



