বরিশাল মেইল ডেস্ক
ওয়ানডের পর দুই ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় বাংলাদেশের মেয়েরা। তবে শ্রীলঙ্কায় দুই সংস্করণ মিলিয়ে টানা ৪ ম্যাচ জেতার পর এবার হারের তেতো স্বাদ পেলো সফরকারীরা। আজ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ।
কলম্বোর থুরস্টান কলেজ গ্রাউন্ডে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে ১৯ রানে হেরেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১২৪ রান করে শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। রান তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দুই দলের শেষ টি-টোয়েন্টি আগামীকাল কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে।
এদিন রান তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর তাজ নাহারকে নিয়ে ওপেনার শামীমা ৩৫ রানের জুটি গড়লেও রানের গতি ছিল খুবই ধীর। দলীয় ৫৬ রানে এ জুটি ভাঙতেই বাংলাদেশের ব্যাটিংয়ে আবারও ধস নামে। ৫৬ থেকে ৭৭, এই ২১ রানের মধ্যে ৫ উইকেট হারায় সফরকারীরা। তাতে হার প্রায় নিশ্চিত হয়ে যায়। স্বর্ণার ১৯ বলে ২৮ রানের ইনিংসটা শুধু ব্যবধান কমিয়েছে।
এর আগে ফাহিমা খাতুন ও স্বর্ণা আক্তারের দারুণ বোলিংয়ে ৯ ওভারে ৪০ রানে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর পিউমি ভাতসালাকে নিয়ে শ্রীলঙ্কাকে বিপর্যয় থেকে টেনে তোলেন অধিনায়ক সাথিয়া সন্দীপনি। পঞ্চম উইকেট জুটিতে দুজন যোগ করেন ৪৭ রান। শেষ দিকে মালশা শেহানিকে নিয়ে আরও ৩৭ রান তোলেন সন্দীপনি। মালশা ১৪ বলে ২১ ও সন্দীপনি ৩৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। মারুফা ও ফাহিমা ২টি করে উইকেট নেন। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন জাহানারা।



