― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১০৯ কৃতী শিক্ষার্থী পেলেন ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’

শিক্ষাগত সাফল্য ও মেধার স্বীকৃতি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কৃতী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এতে সাতটি অনুষদের ১০৯ জন কৃতী শিক্ষার্থীকে অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের অগ্রগতি ও নেতৃত্বের মূল চালিকাশক্তি হলো জ্ঞান ও প্রযুক্তি। প্রাকৃতিক সম্পদের চেয়েও মেধাভিত্তিক জ্ঞানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক জ্ঞানচর্চা ছাড়া সম্পদ যেমন বোঝা হয়ে দাঁড়ায়, তেমনি জ্ঞান ও প্রজ্ঞাই মানবজাতিকে বিশ্বের দরবারে শীর্ষ স্থানে নিয়ে যায়। আজকের এই মেধাবী তরুণেরাই ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, প্রাতিষ্ঠানিক পর্যায়ের এই স্বীকৃতি দেশে ও বিদেশে শিক্ষার্থীদের নতুন দিগন্ত উন্মোচনে উৎসাহিত করবে। শিক্ষার্থীদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সঠিক পরিকল্পনা দিতে পারলে তারা সমাজ ও রাষ্ট্রের জন্য আরও বড় অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে নিজস্ব অনুভূতি ব্যক্ত করেন আশিকুর রহমান ও ইতি খান মিতু। অ্যাকাডেমিক সাফল্যের এই ধারাবাহিকতা ভবিষ্যতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা জুগাবে বলে অনুষ্ঠানে মত প্রকাশ করা হয়।