― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশাল জেলার ১৪৩৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার

ডেস্ক রিপোর্ট : আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে আসে শিক্ষার্থীরা।

কিন্তু বরিশাল জেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক হাজার ৫৯২ টি।

এর মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ১৫৩টি বিদ্যালয়ে। বাকি থাকে এক হাজার ৪৩৯ টি বিদ্যালয়।

এছাড়া জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় ২০৮টি প্রাথমিক বিদ্যালয়ের একটিতেও নেই শহীদ মিনার।

আরো জানা গেছে, ১০ উপজেলাগুলোর মধ্যে আগৈলঝাড়াতে ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ২টিতে,গৌরনদীতে ১৩১টির মধ্যে ১২টি, উজিরপুরে ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০টিতে, বানারীপাড়ায় ১২৬টির মধ্যে ৫টিতে রয়েছে শহীদ মিনার।

এছাড়াও বরিশাল সদর উপজেলায় ২০৩টির মধ্যে ১৩টিতে, বাকেরগঞ্জে ২৮০টির মধ্যে ১৬টিতে, , বাবুগঞ্জে ১৩৪টির মধ্যে ৩০টিতে, মুলাদীতে ১৪০টির মধ্যে ১৯টিতে এবং হিজলায় ৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৮টিতে শহীদ মিনার রয়েছে।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা সরোয়ার হোসেন বলেন, এখানে নতুন এসেছি।

শহীদ মিনারের সংখ্যা না দেখে বলতে পারব না। তবে আমার জানা মতে শহীদ মিনারের জন্য সরকারি পর্যায়ে বাজেট আসে। স্থানীয় পর্যায়েও কেউ যদি শহীদ মিনার নির্মাণ করতে চায় তাহলে করতে পারে।

কিন্তু সংকট হচ্ছে জমি নিয়ে। অনেক স্কুলেই পর্যাপ্ত জমি আছে। কিন্তু সেই জমি অবৈধ দখলে। সেখানে শহীদ মিনার নির্মাণ করা যাচ্ছে না।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকা উচিত।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে এটি করতে হবে। শহীদ মিনার নির্মাণ করতে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

সূত্র: কালের কন্ঠ / বিএম/জ/রা