বিশেষ প্রতিনিধি: ব্যাটারিচালিত রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম পরিষদের প্রথম আহবায়ক,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার প্রাক্তন সহ-সভাপতি শাজাহান মিস্ত্রীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নগরীর রূপাতলি চাঁন্দু মার্কেটে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, সদস্য শহিদুল শেখ, সদস্য শহিদুল হাওলাদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার প্রাক্তন সভাপতি রুস্তম হাওলাদার, কমরেড শাজাহান মিস্ত্রীর সন্তান সজীব, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শহিদুল ইসলাম, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন ২৫ নং ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক মানিক হাওলাদার, ২৪ নং ওয়ার্ড শাখার সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন হোসেন, সদস্য হানিফ হাওলাদার, ১১ নং ওয়ার্ড সভাপতি ফারুক আকন, ১৪ নং ওয়ার্ড শাখার উপদেষ্টা জাকির হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার প্রাক্তন আহবায়ক সাগর দাস আকাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কমরেড শাজাহান মিস্ত্রী বরিশালে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে গড়ে ওঠা প্রথম সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন। ২০১২ সাল থেকে দীর্ঘ ১৩ বছর তিনি ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন।
পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে তিনি সংগঠনের উপদেষ্টা হিসেবে মৃত্যুর আগে পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বক্তারা বলেন, খুবই দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করলেও শ্রমিকদের অধিকার আদায়ের একজন লড়াকু সৈনিক ছিলেন শাজাহান মিস্ত্রী। তার হাতে গড়ে ওঠা সংগ্রাম পরিষদের নেতৃত্বে আজ সারা বাংলাদেশের ৪৬ জেলায় ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ স্বীকৃত লাইসেন্সের দাবিতে আন্দোলন গড়ে উঠেছে। শাজাহান মিস্ত্রী না থাকলেও তার লড়াই আজকের দিনের সংগ্রামে প্রেরণা জোগাবে।
আলোচনা সভা শেষে বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শাজাহান মিস্ত্রীর পরিবারের হাতে কিছু অনুদান তুলে দেয়া হয়। শাজাহান মিস্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয় ৷



