― Advertisement ―

ফ্লোটিলা ঘিরে ইসরায়েলি যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় সাহায্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ যুদ্ধবিধ্বস্ত গাজা উপকূলের কাছাকাছি চলে এসেছে। আজ বুধবার (১ অক্টোবর) এই বহরের কয়েকটি নৌকাকে ইসরায়েলি জাহাজ ঘিরে ধরে ‘বিপজ্জনক ও ভয়প্রদর্শনমূলক কৌশল’ চালায়।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে পরিচিত এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌকা, যাতে বিভিন্ন দেশের প্রায় ৫০০ যাত্রী রয়েছেন। এর মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী, কর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও।

আয়োজকদের দাবি, দুটি ইসরায়েলি ‘যুদ্ধজাহাজ’ দ্রুত এগিয়ে এসে বহরের আলমা ও সিরিয়াস নামের দুটি নৌকাকে ঘিরে ফেলে। এ সময় সব নেভিগেশন ও যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যায়, যা নৌকায় থাকা এক আয়োজক, থিয়াগো আভিলা, সংবাদ সম্মেলনে ‘সাইবার হামলা’ হিসেবে বর্ণনা করেন।

ফ্লোটিলার ইনস্টাগ্রাম পেজে এক পোস্ট থেকে জানা যায়, এখন তারা গাজা উপকূল থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দূরে রয়েছে—যেখানে ইসরায়েল কোনো নৌকা গাজায় প্রবেশ ঠেকাতে টহল দিচ্ছে। যদি আটকে না দেওয়া হয়, বৃহস্পতিবার সকালে তারা পৌঁছানোর আশা করছে।

গত কয়েক দিনে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে, কারণ নৌবহর ড্রোন হামলার শিকার হয়। ড্রোনগুলো স্টান গ্রেনেড ও ত্বকে জ্বালাভাব সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ফেলে, যাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি।

ইসরায়েল ওই হামলা নিয়ে কিছু বলেনি। তবে তারা জানিয়েছে, গাজায় পৌঁছতে বাধা দিতে তারা নেবে। কারণ তারা উপকূলে হামাসের সঙ্গে যুদ্ধরত।