চট্টগ্রামের ফটিকছড়িতে একটি চা-বাগানের গহিন জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারোমাসিয়া চা-বাগানে অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। দুটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল এই একনলা বন্দুকগুলো। জেলা ও থানা-পুলিশের একটি যৌথ দল এই সফল অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বারোমাসিয়া চা-বাগানের পেছনের নির্জন এলাকায় একদল অপরাধী নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযানে নামে পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা আগেই গা-ঢাকা দেয়। পরবর্তীকালে জঙ্গলে তল্লাশি চালিয়ে দুটি বস্তা উদ্ধার করা হয়, যার ভেতর থেকে ৯টি দেশে তৈরি একনলা বন্দুক পাওয়া যায়। এই অস্ত্রগুলো মূলত কোনো বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ এবং ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।



