প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় মানুষের ঢল নামতে শুরু করেছে। সবাই ওই ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে চায়। দূর থেকে হলেও একনজর দেখতে চায়, নেতার কণ্ঠস্বর শুনতে চায়।
গতকাল থেকেই বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন ধরনের যানবাহনে তিল ধারণের ঠাঁই নেই। এরই মধ্যে কয়েক লাখ মানুষ ঢাকায় এসেছে। আজ বুধবারও সবার গন্তব্য ঢাকা।
বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে তাঁর সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হতে পারে।
দলিয় সূত্র জানাচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে।
এর আগে আজ বুধবার লন্ডনের স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।



