― Advertisement ―

পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণা ট্রাম্পের, বিশ্বজুড়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘যেহেতু অন্যান্য দেশগুলোও তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্রের কর্মসূচি পরিচালনা করছে, তাই আমি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগকে সমতার ভিত্তিতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি। এগুলো অবিলম্বে শুরু করা হবে।’

প্রসঙ্গত, বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো নিয়মিত পারমাণবিক উপাদান বহনে সক্ষম অস্ত্রের পরীক্ষা করে থাকে। তারই ধারাবাহিকতায় মার্কিন বাহিনীর এই সিদ্ধান্ত।

১৯৯০ দশকের পর থেকে শুধুমাত্র উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তাদের সর্বশেষ পরীক্ষাটিও ছিল ২০১৭ সালে।

বিশেষজ্ঞরা বলছেন, দুনিয়াজুড়ে যখন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে, তখন এ ধরনের পরীক্ষার ঘোষণা সেই প্রতিযোগিতাকে আরও উস্কে দেবে।

কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন না যে, মার্কিন যুক্তরাষ্ট্রই এই প্রতিযোগিতাকে ত্বরান্বিত করছে, তবে তারা এটাও বলছেন যে বিশ্ব ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির সম্মুখীন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে এসআইপিআরআই-এর মতে, রাশিয়ার কাছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, যার সংখ্যা ৫,৪৫৯টি। এরপরই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (৫,১৭৭টি) এবং চীন (৬০০টি)।

এদিকে রাশিয়া সম্প্রতি একটি নতুন পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। ক্রেমলিন বলেছে, তাদের একটি ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং অন্যটি সমুদ্রের তলদেশ দিয়ে মার্কিন উপকূলে পৌঁছাতে পারে।

রাশিয়ার এই পদক্ষেপই প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার কারণ বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করায় চীন এবং রাশিয়াও একই কাজ করতে উৎসাহিত হবে। যদিও রাশিয়া বলেছে, তাদের পরীক্ষাগুলো পারমাণবিক ছিল না।

মার্কিন ঘোষণার প্রতিক্রিয়ায় চীন বলেছে, তারা আশা করে, মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা পূরণ করবে এবং পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার প্রতিশ্রুতি মেনে চলবে।

ওয়াশিংটনের আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল ক্যাম্পবেল বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করা আন্তর্জাতিক নিরাপত্তার দিক থেকে একটি ঐতিহাসিক ভুল হবে।

ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস-এর পারমাণবিক তথ্য বিষয়ক পরিচালক হ্যান্স ক্রিস্টেনসেন বলছেন, এটি সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক, কারণ গত পাঁচ বছরে পারমাণবিক অস্ত্রের বিপদ বেড়েছে।

রক্ষণশীল আমেরিকান থিংক ট্যাংক ‘দ্য হেরিটেজ ফাউন্ডেশন’-এর রিসার্চ ফেলো রবার্ট পিটার্স বলেছেন, যদিও অস্ত্র পরীক্ষার কোনো বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত কারণ নাও থাকতে পারে, তবে এর ‘প্রাথমিক কারণ হলো প্রতিপক্ষকে একটি রাজনৈতিক বার্তা পাঠানো’।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালে ১৯৪৫ সালে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী বিশ্বের একমাত্র দেশ হিসেবে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে দুটি পারমাণবিক বোমা ফেলে লাখ লাখ মানুষকে হত্যা করে।

সূত্র: বিবিসি বাংলা