ডেস্ক রিপোর্ট
আজ সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনিচ। চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। বৈঠকে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন তিনি। দুই দিনের সফরে ঢাকায় আসছেন বেরিস। বৈঠকে অংশ নেওয়া ছাড়াও দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ বছর পর দুই দেশের সচিবরা বৈঠকে বসছেন। পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে।
কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর।



