বিশেষ প্রতিনিধিঃ
যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে অনুষ্ঠিত “গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান” শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মণি বলেছেন, “তারেক রহমান আজ শুধু বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন।”
তিনি বলেন, “তারেক রহমান গত ১৬ বছর ধরে যেভাবে নিরলস ও নিরবিচ্ছিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিবাদের বিদায় ঘটেছে। এখন সময় এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের। এই সংগ্রামে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিই এখন জাতীয় ঐক্যের রূপরেখা ও গণতন্ত্রের মূল সনদ হিসেবে বিবেচিত হচ্ছে।”
গতকাল মঙ্গলবার (২৪ জুন ) বার্মিংহাম বিএনপির উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম বিএনপির সভাপতি সৈয়দ জামশেদ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। এছাড়া লন্ডন বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম মণি আরও বলেন, আজ দেশের মানুষ ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ । জাতীয় ঐক্যের এই নতুন ধারা দেশ থেকে চিরতনে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণমানুষের বিজয় নিশ্চিত করবে।’
তিনি বলেন, ৩১ দফার আলোকে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার পথেই এখন দেশ এগিয়ে যাচ্ছে। সেই পথের প্রধান কাণ্ডারি হিসেবে তারেক রহমানের নাম উচ্চারিত হচ্ছে জনগণের মুখে মুখে।
বিএনপি নেতা নুরুল ইসলাম মণি বর্তমানে লন্ডন সফর করছেন। এর আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারেক রহমান বিএনপি নেতা নুরুল ইসলাম মণিকে আগামী নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কন্নোয়ন, ৩১ দফা বাস্তবায়নে কাজ করার জন্য তাঁকে বিভিন্ন নির্দেশনা দেন।



