ডেস্ক রিপোর্টঃ হাইকোর্ট বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু ধারা অবৈধ ঘোষণা করেছেন। একইসঙ্গে সংবিধানে গণভোটের বিধান পুনর্বহাল করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।
এর আগে, ৫ ডিসেম্বর সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের রায়ের জন্য এই দিন ধার্য করা হয়। ২৩ কার্যদিবসব্যাপী শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মামলার পক্ষভুক্ত হন। এ ছাড়া গণফোরাম ও ইনসানিয়াত বিপ্লবসহ আরও চার আবেদনকারীও এই রুলে ইন্টারভেনর হিসেবে যুক্ত হন।
গত ১৯ আগস্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বৈধতা প্রশ্নে রুল জারি করেন। সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ অন্যদের দায়ের করা রিটের শুনানি শেষে আদালত এই রুল দেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, জাতির পিতা হিসেবে শেখ মুজিবুর রহমানের স্বীকৃতি এবং নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৫০-এ উন্নীত করা হয়।
বিএম/সজীব
আরও পড়ুনঃ
তত্ত্বাবধায়ক সরকার ও পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় ঘোষণা শুরু



