বাণিজ্য ডেস্কঃ অক্টোবর ও নভেম্বরের তুলনায় চলতি ডিসেম্বরের প্রথম চার সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এই ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৪২ কোটি ৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ হাজার ৭৭২ কোটি টাকা। ।
রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৪২ কোটি ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে । এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স।
আরো জানা গেছে, গত নভেম্বর ও অক্টোবরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২০৫ কোটি ২৪ লাখ ও ২১৬ কোটি ৪৪ লাখ ডলার। অক্টোবর ও নভেম্বরের তুলনায় ডিসেম্বরের প্রথম চার সপ্তাহে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।
এতে বলা হয়, ডিসেম্বরের প্রথম চার সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৯৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
বিএম/জ/রা



