নিজস্ব প্রতিবেদক
‘জামায়াত ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন একাত্তরকে অস্বীকার করে চব্বিশকে প্রতিষ্ঠিত করতে চায়। তারা শুধু চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়।’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনাসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিস্ট শক্তি হাসিনাকে উৎখাত করতে একদিন নয়, ১৫ বছর ধরে সংগ্রাম করেছি। মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছেন। আজকে যদি কেউ দাবি করেন, এককভাবে তারা নেতৃত্ব দিয়েছে— আমরা তা মানতে রাজি নই।’
বিএনপি মহাসচিব আরো বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় যারা আমাদের হত্যা করছিল, তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন। আমাদের বহু জ্ঞানী-ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন—আমরা এগুলো এখনো ভুলিনি।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ অনেকে।



