বরিশাল মেইল ডেস্ক
জরিপের তথ্য বলছে আসন্ন মার্কিন নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের থেকে তিনটি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস। এই আসনগুলোতে কমালার কাছে ধরাশায়ী হতে পারেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার প্রকাশিত নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের জরিপের ফলাফলে বলা হয়েছে, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ তিনটি আসনে এগিয়ে রয়েছেন কমালা। এসব আসনে কমালাকে সমর্থনকারী ভোটারদের সংখ্যা ৫০ শতাংশ। পক্ষান্তরে ট্রাম্পকে সমর্থন করেছে ৪৬ শতাংশ ভোটার। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স এবং ভবিষ্যতে প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্বপালন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। নিজ দলের শীর্ষ পর্যায়ের নেতারাও বাইডেনের সমালোচনা করেন। তার প্রেক্ষিতে বাইডেন আসন্ন নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন এবং কমালা হ্যারিসকে সমর্থন দেন। সমর্থনের পরই ডেমোক্র্যাটদের পক্ষে জোর প্রচারণা শুরু করেন কমালা। ইতোমধ্যেই তার সমাবেশের প্রভাব পড়তে শুরু করেছে ভোটারদের ওপর।
কমালা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর তরুণ ভোটার এবং বিভিন্ন আইনপ্রণেতাদের কাছ থেকে শক্তিশালী সমর্থন পেয়েছেন।
এছাড়া মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে কমালার রানিং মেট হিসেবে ঘোষণা দেয়ার পর থেকেই ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ আরও বৃদ্ধি পেয়েছে। তবে বাইডেন প্রশাসন গাজা ইস্যুতে সরাসরি ইসরাইলের প্রতি সমর্থন করায় চূড়ান্ত ভোটের ফলাফলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেশ সমালোচনার মুখে পড়েছে দলটি। বিশেষ করে মিশিগান অঙ্গরাজ্যে আরব বংশদ্ভূত মার্কিন ভোটারদের ভোট হারাতে পারে কমালার দল।



