নিজস্ব প্রতিবেদক
চীনের আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল দেশটি সফর করবেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে তাদের বিমান ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ জানিয়েছেন, আজ রাতে দলের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এই প্রতিনিধি দলে নেতৃত্বে দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
প্রতিনিধি দলে আছেন, সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ন সদস্যসচিব তাহসীন রিয়াজ, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা ও যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।
চীন সফর উপলক্ষে গত ২১ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির এই প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
এ সফরে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও কয়েকটি শিল্পকারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।



