― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

চালু হলো ফেসবুক,টিকটক, ইউটিউব ও হোয়াটসঅ্যাপ

বরিশাল মেইল ডেস্কঃ

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে বন্ধ করে দেওয়ার প্রায় দুই সপ্তাহ পর ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের ক্যাশ সার্ভার খুলে দেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৭ জুলাই রাতে দেশে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ফেসবুক-টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমও বন্ধ করে দেওয়া হয়। এর পাঁচদিন পর ব্রডব্যান্ড ও ১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম।

অবশেষে আজ বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার পর থেকে বাংলাদেশ থেকেও স্বাভাবিক নিয়মে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

ব্রডব্যান্ড সংযোগ চালুর পর থেকে অবশ্য ভিপিএন ব্যবহার করে একটি বড় সংখ্যক মানুষ ফেসবুক ও বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করতে পেরেছেন। পুরো সময়টা ফেসবুকে সক্রিয় ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।

কোটা আন্দোলনের সময়ের কিছু ভিডিও কন্টেন্টের বিষয়ে সশরীরে হাজির হওয়ার জন্য ফেসবুককে তলব করা হলেও শেষ পর্যন্ত তারা বিটিআরসিতে আসেননি।

পরে অনলাইনেই মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে তিনি এ বৈঠক করেন। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার সময় দেশে বন্ধ থাকা ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আজ বুধবার বিকেলের মধ্যে খুলে দেওয়া হবে বলে আজ দুপুরে জানিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।