― Advertisement ―

গভীর রাতে রেলস্টশনে সন্তান প্রসব, ৯৯৯ কলে প্রাণ রক্ষা

নিজস্ব প্রতিবেদক :

গভীর রাত, চারপাশে মুষলধারে বৃষ্টি পড়ছে।এমন সময় জনশূন্য এক রেলস্টেশনে সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন এক গর্ভবতী নারী। বিষয়টি নজরে আসতেই ওই নারী ও নবজাতক সন্তানকে বাঁচাতে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অনুরোধ জানান স্টেশন মাস্টার। পরে নারী ও নবজাতক শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

আজ মঙ্গলবার (৩ জুন) ভোর পৌণে চারটায় যশোরের কোতোয়ালী থানার রূপদিয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা
পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে স্টেশন মাস্টার বাবুল আক্তার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, স্টেশনের প্লাটফর্মে একজন নারী সন্তান প্রসব করেছে। তখন সেখানে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল। মা এবং সন্তানের জীবন বাঁচাতে কলার দ্রুত একটি অ্যাম্বুল্যান্স পাঠানোর জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।


কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. দ্বীন ইসলাম। কনস্টেবল দ্বীন তাৎক্ষণিকভাবে যশোর কোতোয়ালী থানায় এবং ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের অ্যাম্বুল্যান্স রেলস্টেশন হাজির হয়।

প্রসূতি ও নবজাতক ছেলে সন্তানকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুল্যান্সযোগে যশোর জেলা হাসপাতালের লেবার ওয়ার্ড-২ এ ভর্তি করিয়ে দেয়া হয়।

জানা যায় প্রসূতির বয়স আনুমানিক ২৫ এবং তিনি মানসিকভাবে অসুস্থ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মা এবং নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।