ডেস্ক রিপোর্ট:
রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সভা শুরু হয়। এতে সারা দেশের প্রায় চার হাজার নেতা অংশ নিয়েছেন।
বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র’ স্লোগানকে প্রতিপাদ্য করে এবারের বর্ধিত সভা করছে বিএনপি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, চলমান অস্থিরতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—এ দুটি বিষয় সামনে রেখে দলীয় এবং জাতীয় ঐক্যের আহ্বানই হচ্ছে এই সভার মূল লক্ষ্য। এই আহ্বান জানিয়ে বিএনপি নিজেদের ৩১ দফা সংস্কার কর্মসূচি সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনমুখী যাত্রা শুরুর লক্ষ্য স্থির করেছে।
সভা শুরুর ২০ মিনিট আগে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন মাইকে ঘোষণা দেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খালেদা জিয়ার উপস্থিত থাকার বিষয় সভা শুরুর আগে জানানো হলো। সভা শুরুর আগে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী জানান, বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন খালেদা জিয়া ।

বর্ধিত সভায় থানা ও জেলা পর্যায়ের নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। কেন্দ্রীয় নেতাদের মধ্যে কেবল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত বর্ধিত সভাকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। এ সভাকে ঘিরে সংসদ ভবন এলাকায় ৩১ দফা সংস্কার কর্মসূচিগুলো প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে।



