দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলারের একটি বড় প্রকল্প সরকারের অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ‘স্ট্রেনদেনিং এগ্রিকালচারাল টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট (এসএটিইপি)’ শীর্ষক এই পাঁচ বছর মেয়াদি প্রকল্পের বাস্তবায়নকাল ২০২৭ থেকে ২০৩২ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে এডিবির এক প্রতিনিধিদলের পরামর্শ সভায় এই তথ্য জানানো হয়। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে এডিবি ১০৫ মিলিয়ন এবং কোরিয়া এক্সিম ব্যাংক/ইডিসিএফ ৫৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে। বাকি অর্থ জোগান দেবে বাংলাদেশ সরকার।
প্রস্তাবিত এই উদ্যোগের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে (বাকৃবি) দক্ষিণ এশিয়ার অন্যতম আঞ্চলিক গবেষণা ও জ্ঞান হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হবে একটি আধুনিক ইনস্ট্রুমেন্টেশন সেন্টার। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও কৃষি সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম, গবেষণা পরিকাঠামো ও সক্ষমতার বৈষম্য কমানো হবে।
কৃষি শিক্ষায় উচ্চপ্রযুক্তির ব্যবহারে জোর দিচ্ছে এই প্রকল্প। এতে রিমোট সেন্সিং, জিপিএস, ড্রোন, ডিজিটাল টুইন, ওয়েদার ও বিগ ডেটা অ্যানালিটিক্স, বায়োটেকনোলজি এবং রোবটিক্স অন্তর্ভুক্ত করা হবে। বিশ্ববাজার ও অভ্যন্তরীণ কৃষিশিল্পের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ও একাডেমিক কাঠামোর আধুনিকায়ন করাই এর মূল লক্ষ্য।
প্রকল্পটির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও কৃষিশিল্পের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা হবে। গবেষণালব্ধ ফলাফলের বাণিজ্যিকীকরণ এবং স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে প্রি-স্টার্টআপ ও ইনকিউবেশন সহায়তা দেওয়া হবে। এতে করে দেশের তরুণরা কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন।
সভায় এডিবির মিশন লিডার রিওতারো হায়াশি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বাকৃবির গবেষণা সম্প্রসারণে কাজ করবে এডিবি। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “খাদ্য নিরাপত্তা ও জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় কৃষিতে উচ্চপ্রযুক্তির প্রয়োগ সময়ের দাবি। এই প্রকল্প শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষতায় গড়ে তুলবে।” সভায় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়াসহ ইউজিসি ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



