নিজস্ব প্রতিবেদক
এবার নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথমবার পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করা হলো।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানিয়েছেন। সংসদ নির্বাচনের জন্য প্রকাশিত আচরণবিধির মৌলিক পরিবর্তনগুলো তুলে ধরেন তিনি।
ইসি সচিব জানান, এবার পোস্টার পুরোপুরি নিষিদ্ধ হলেও নির্দিষ্ট আকার-আকৃতির ফেস্টুন ও লিফলেট বিতরণ করা যাবে। এ ছাড়া কোনো প্রার্থী রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে প্রার্থী ও দল উভয়কেই আচরণবিধি ও প্রাসঙ্গিক আইন মেনে চলার অঙ্গীকারনামা দিতে হবে।
তিনি বলেন, ‘আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। ইতিমধ্যেই ভোট প্রস্তুতির কাজ শেষ করে এনেছে। অংশীজনের মধ্যে নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী, গণমাধ্যমসহ নানা শ্রেণি-পেশার সঙ্গে সংলাপ করেছে।



