বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শুচিতা শরমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বাস্তবতায় পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারন, চলমান পৃথিবীতে এখন ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তার ( এআই ) মতো মানববিহীন প্রযুক্তির দিকে ঝুঁকে যাচ্ছে।
এ প্রযুক্তি ব্যবহার সবকিছু সহজ করলেও ডাটা এনালাইসিসের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ফলাফল পেতে পরিসংখ্যানের প্রয়োজনীয়তা রয়েছে। এবিষয়ে তোমরা যারা পড়াশোনা করছো শুধু দেশেই নয়, পাশাপাশি দেশের বাইরেও এর বিস্তর কর্মপরিধি রয়েছে।
সে জন্য শিক্ষার্থীদের উচিত যে, যে বিষয়ে পড়ালেখা করছো সে বিষয়টিকে গভীরভাবে দক্ষতা ও জ্ঞান অর্জন করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গোলাম রব্বানী এবং ট্রেজারার মো. মামুন অর রশিদ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন উপাচার্য ও অন্যান্য অতিথিরা।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি, সহকারী প্রক্টর মারুফা আক্তারসহ পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিভাগের পক্ষ থেকে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
বিএম/জ/রা



