― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

উচ্চশিক্ষা ও গবেষণায় যুগান্তকারী পদক্ষেপ: দেশে তৈরি হচ্ছে প্রথম পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়

দেশের উচ্চশিক্ষা, মৌলিক গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনকে বিশ্বমানের সমপর্যায়ে উন্নীত করতে উন্নত বিশ্বের আদলে একটি বিশেষায়িত পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার। সাভারের ব্র্যাক সিডিএমে আয়োজিত দুদিনব্যাপী ‘উপাচার্যদের সংলাপ’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। মন্ত্রী জানান, বৈশ্বিক চাহিদার সাথে সঙ্গতি রেখে একটি পূর্ণাঙ্গ স্নাতকোত্তর ও গবেষণা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রধানমন্ত্রী বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক শিক্ষাবাজারে দেশের অবস্থান মজবুত করতে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত গবেষণার সুযোগ থাকবে, যা বিদেশি শিক্ষার্থীদেরও আকৃষ্ট করবে।

শিক্ষা খাতে অর্থায়নের আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে শিক্ষা খাতের বাজেট বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করা হয়েছে। আগামী বছর তা ৩ শতাংশে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এ সময় তিনি কর্মসংস্থানের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম আধুনিকায়ন এবং শিল্পখাতের উপযোগী নতুন বিভাগ খোলার তাগিদ দেন।

মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করার জন্য ইউজিসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এখনই কোনো বিশ্ববিদ্যালয় বন্ধের মতো কঠোর পদক্ষেপ না নেওয়া হলেও, নতুন কোনো নিম্নমানের বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হবে না। একই সাথে ভালো মানের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি (PhD) প্রোগ্রাম চালু এবং গবেষণার পরিবেশ তরান্বিত করতে একটি ‘রিসার্চ ব্যাংক’ প্রতিষ্ঠার পরামর্শ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ। ইউজিসি চেয়ারম্যান জানান, উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের করতে ৫ বছর মেয়াদি নতুন একটি কৌশলপত্রের খসড়া প্রস্তুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধ্যতামূলক ইন্টার্নশিপের আওতায় এনে প্রয়োজনীয় আর্থিক সম্মানী প্রদান এবং শিল্পপ্রতিষ্ঠানের সাথে কার্যকর সম্পর্ক তৈরির সমন্বয়ক হিসেবে ইউজিসি কাজ করবে।